মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১৮:৪৮
ঈদ সামনে, মৌলভীবাজারে কাজ কম; বেড়েছে কয়লা ও লোহার দাম
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজার শহরের কামারশিল্পে স্বাভাবিক ব্যস্ততা থাকার কথা থাকলেও এ বছর কাজের চাপ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন স্থানীয় কামার কারিগররা।
কারিগরদের অভিযোগ, বাজারে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে ক্রেতা না থাকায় তারা লোকসানের আশঙ্কায় রয়েছেন।
সরেজমিনে মৌলভীবাজারের বেরীরপাড়সহ বিভিন্ন এলাকায় দেখা যায়, কামারশালাগুলোতে শ্রমিকরা দা, ছুরি ও চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কোথাও ভাঁটিতে বাতাস দেওয়া হচ্ছে, আবার কোথাও লোহা পিটিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হচ্ছে। টুং টাং শব্দে মুখর পুরো এলাকা।
বর্তমানে ছোট ছুরি ২৫০ থেকে ৩০০ টাকায়, মাঝারি ছুরি ৭০০ থেকে ৯০০ টাকায় এবং বড় ছুরি বা সেট ১ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বাজারে ক্রেতা কম থাকায় কামারশালা মালিকরা শ্রমিক মজুরি ও দোকান পরিচালনার খরচ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
তারা বলছেন, লোহা ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে, ফলে বাধ্য হয়েই দাম বাড়াতে হয়েছে। কিন্তু সেই দাম অনেক ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে।
ক্রেতারা জানান, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তারা হিসাব করে কেনাকাটা করছেন। আগে যে পণ্য কম দামে পাওয়া যেত, এখন তা অনেক বেশি দামে কিনতে হচ্ছে।
কামাররা আরও জানান, আগে ঈদের কয়েক সপ্তাহ আগ থেকেই ভালো বেচাকেনা হতো। এবার মানুষ আসছে, দেখছে, দাম জিজ্ঞেস করছে—কিন্তু কিনে কমই নিচ্ছে।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাজারে কিছুটা গতি ফেরার আশায় দিন পার করছেন ব্যবসায়ীরা।