রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬ রাত ০৭:২৪:২৩
সাভারে পোশাককর্মীকে হত্যার অভিযোগ, মরদেহ গুমের চেষ্টার দাবি
সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অবস্থিত ব্যাবিলন গ্রুপের অবনী ফ্যাশন কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত সজল মিয়া (৩০) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চর হরিণা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি অবনী ফ্যাশন কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টারও আলামত পাওয়া গেছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানার সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে কারখানার ভেতরে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে কাপড়ে প্যাঁচানো অবস্থায় সজল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি টের পেয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহব্বত কবির বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে সকালে নিহতের স্বজনরা মরদেহের দাবিতে পোশাক কারখানার সামনে মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, সজল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।