নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ বিকাল ০৪:২৫:১২
শরীয়তপুরের নড়িয়ায় তিন নবীন হাফেজকে সংবর্ধনা
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে মাদ্রাসার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহসিনুল কুরআন কওমী মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সদস্য সুজন লাকুরিয়া। এসময় নবীন হাফেজ মোঃ মিদুল হাওলাদার, মোঃ জুবায়ের সরদার ও মোঃ আবদুল্লাহ তালুকদারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা পাওয়া নবীন হাফেজ মোঃ আবদুল্লাহ তালুকদার বলেন, “মা-বাবা, পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকদের আন্তরিক উৎসাহে আমরা কোরআনের হাফেজ হতে পেরেছি। আমরা যেন বড় আলেম হতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। মাদ্রাসা থেকে সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”
নবীন হাফেজ মোঃ জুবায়ের সরদারের বাবা বলেন, “হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। তারা কোরআনের মতো মহাগ্রন্থ বুকে ধারণ করেছে। ভবিষ্যতে তারা যেখানেই থাকুক, হাফেজ হিসেবে তাদের আলাদা মর্যাদা থাকবে।”
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, “মাদ্রাসা প্রতিষ্ঠার পর গত ৭ বছর ৫ মাসে আমাদের প্রতিষ্ঠান থেকে ১০১ জন হাফেজ ও হাফেজা তৈরি হয়েছে। পবিত্র কোরআনের হাফেজদের মহান আল্লাহ আখিরাতে বিশেষ সম্মান দান করবেন। তবে প্রকৃত সফলতা হলো আল্লাহকে সন্তুষ্ট করা।”
তিনি আরও বলেন, “২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার গুণগত মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি। মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পন্ডিতসার বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ, সুরেশ্বর জামে মসজিদের ইমাম মুফতি রমজান আল হাবিব, হাফেজ জাবের মাহমুদ, হাফেজ মাওলানা আবু রায়হানসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।