জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১৫ জুন ২০২৬ রাত ০৯:৫৮:১৮
হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৩০
আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের আক্তার মিয়া ও আব্দাফৌজদা গ্রামের সারু মিয়ার মধ্যে যাতায়াতের রাস্তা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি।
রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যার পর উপজেলার ডুবাঐ বাজার এলাকায় পুনরায় সংঘর্ষ শুরু হয়। এ সময় গুরুতর আহত সেলু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেলু মিয়া আদিত্যপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রাথমিক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তবে পরবর্তী সংঘর্ষে নিহতের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।