কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ রাত ০৬:৩৭:৪৩
অবৈধ দখল ও বাঁধে অস্তিত্ব সংকটে কালকিনির আলীপুর খাল, পুনঃখননের দাবি এলাকাবাসীর
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ আলীপুর খাল অবৈধ দখল, স্থায়ী বাঁধ নির্মাণ এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় যাতায়াত, কৃষিকাজ ও স্থানীয় জনজীবনের গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে ব্যবহৃত খালটি এখন ধীরে ধীরে ভরাট হয়ে কার্যকারিতা হারাচ্ছে। ফলে দ্রুত খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর থেকে খলিফা বাড়ি হয়ে সমিতির হাট বাজার অতিক্রম করে আড়িয়াল খাঁ নদের সঙ্গে সংযুক্ত ছিল খালটি। দীর্ঘদিন সংস্কার ও খননের অভাবে খালের তলদেশ ভরাট হয়ে গেছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে মাটির বাঁধ নির্মাণ এবং অবৈধ দখলের কারণে পানির স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণ ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, খালের একাধিক স্থানে মাটি ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। কোথাও আবার খালের জায়গা দখল করে স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
স্থানীয় যুবক মনির হোসেন বলেন, "ছোটবেলায় এই খালে গোসল করেছি, নৌকায় ঘুরেছি, এমনকি নৌকাবাইচও দেখেছি। একসময় এই খাল ছিল আমাদের জীবনের অংশ। কিন্তু এখন অবৈধ বাঁধ ও দখলের কারণে খালটি প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার দ্রুত খালটি খনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুক এবং খালের প্রাণ ফিরিয়ে দিক।"
কৃষক ফারুক হোসেন বলেন, "আগে এই খালের পানি দিয়ে কৃষিজমিতে সেচ দেওয়া হতো। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে ব্যাপক উপকার হবে।"
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, "বর্তমানে উপজেলা জুড়ে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।"
স্থানীয়দের দাবি, আলীপুর খাল দ্রুত দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে এর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।