নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১১:১৮:১৯
নরসিংদীতে বিশেষ অভিযানে ১৫৫ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২
নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা ১৫৫ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকায় লাল মিয়া পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক তল্লাশি করে ১৫৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আয়নাল ফকির (৩৮) ও শাহিন মোলা (৩৩)। তারা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।