নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৪
রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট টাকা-স্বর্ণালংকার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লার বাড়িতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাফিজুর রহমান হিরণ মোল্লা ও তার স্বজনরা জানান, তিনি প্রায় এক সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফেরেন। ঘটনার রাতে আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে নগদ প্রায় ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে ৪ হাজার পাউন্ড বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে বাংলাদেশ পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।