শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ রাত ০৭:০১:২৫
ভারতীয় পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলার হাজারো মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামে একটি সেতুর নির্মাণকাজ চলমান ছিল। নির্মাণকালীন সময়ে যান চলাচল সচল রাখতে পাশেই একটি অস্থায়ী ডাইভারশন তৈরি করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ওই ডাইভারশনটি ভেঙে পড়ে।
এ ঘটনায় কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আখাউড়া থেকে কসবা কিংবা কসবা থেকে আখাউড়া যেতে হলে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা স্থানীয়দের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি হঠাৎ ভেঙে যাওয়ায় তারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। জরুরি প্রয়োজনেও দ্রুত যাতায়াত করা সম্ভব হচ্ছে না, যা তাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “পাহাড়ি ঢলে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
স্থানীয়রা দ্রুত সড়কটি মেরামত করার দাবি জানিয়েছেন, যাতে তাদের যাতায়াতের সমস্যা সমাধান হয়।