বাবুল আকতার, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ : ২৪ জুন ২০২৬ বিকাল ০৪:২০:১৭
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও কৃষি উপকরণ বিতরণ
বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরা খাতুন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীদের হাতে চারা ও কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদের বৃক্ষরোপণ ও কৃষি কার্যক্রমে উৎসাহিত করতে সরকার বিনামূল্যে চারা ও কৃষি সহায়তা প্রদান করছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের আরও বেশি করে বৃক্ষরোপণ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে।