বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৮:৩৬:১১
দেড় ঘণ্টার বৃষ্টিতে বগুড়ার সাতমাথা জলমগ্ন, চরম দুর্ভোগে নগরবাসী
দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বুধবার (৮ জুলাই) বৃষ্টির পর পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সাতমাথাসহ আশপাশের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং অনেক যানবাহন ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই সাতমাথাসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বছরের পর বছর ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতার কারণে প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়েও বৃষ্টির পর বগুড়া শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় একই ধরনের জলাবদ্ধতার ঘটনা ঘটেছে। তাই নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।