রুবেল ইসলাম তাহমিদ, শ্রীনগর/লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ রাত ০৯:১৪:৪৬
লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ ৫ বাল্কহেড জব্দ
শুক্রবার (৮ মে) সকাল ৭টা থেকে নৌপুলিশকে সঙ্গে নিয়ে ডহুরী খাল এবং লৌহজংয়ের খিদিরপাড়া-নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৫টি বাল্কহেড আটক করা হয়। আটককৃত বাল্কহেডগুলো হলো— এমবি মান্নান-১, এমবি মদিনা মনস, আলহাজ এ রহমান, Amade Top-2 এবং এমবি সরকার এন্টারপ্রাইজ।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাল্কহেডগুলোর চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলো টঙ্গীবাড়ী সীমান্ত এলাকায় ভিড়িয়ে রেখে পালিয়ে যায়। পরে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সহায়তায় জব্দকৃত বাল্কহেড স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।
এদিকে একই দিনে খিদিরপাড়া-নরসিংহপুর এলাকায় প্রায় ৪ একর জমিতে পকেট কেটে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে গিয়ে প্রশাসন ড্রেজার মেশিন চালু অবস্থায় পেলেও অভিযুক্ত ৪ থেকে ৫ জন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি।
তবে ঘটনাস্থল থেকে ড্রেজারসহ আনুষঙ্গিক সব যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। এ সময় নৌপুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, “বাল্কহেডগুলো সদর উপজেলার পঞ্চসার হয়ে তালতলা (সিরাজদিখান), বালিগাঁও (টঙ্গীবাড়ী) এবং ডহুরী (লৌহজং) এলাকা দিয়ে চলাচল করে। ফলে এককভাবে একটি উপজেলার পক্ষে এ সমস্যার সমাধান করা কঠিন। চার উপজেলার সমন্বয়ে জেলা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজ হবে।”
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।