বাবুল আকতার, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ বিকাল ০৫:১৩:০৯
ভাঙ্গুড়ায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন। শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় আশুরা উপলক্ষ্যে কারবালার শহীদদের স্মরণে ধর্মীয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাতে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ায় বাবা ইসমাইল শাহ আল-কাদেরীর গেয়ারভী দরবার শরীফে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আশুরার ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং কারবালার শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সত্যনিষ্ঠা ও ন্যায়ের আদর্শে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। এ দিবসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নৈতিক উৎকর্ষ, সহমর্মিতা এবং আল্লাহভীতির চর্চাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনটি পালন করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ এবং কারবালার শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।
পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক আশেকান জাকেরান আলোচনা সভায় উপস্থিত ছিলেন। পরে তাদের মাঝে তাবারক বিতরণ করা হয়।