শামীম আহমেদ, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৫
১২ ঘণ্টায় রহস্যের অবসান মতলবের নিখোঁজ কিশোর বান্দরবানের দুর্গম পাহাড়ে
বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ। মোবাইল ফোন বন্ধ। সন্ধ্যায় ফেসবুকে ‘Miss you Ma’ স্ট্যাটাস। উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ১২ ঘণ্টার মধ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হলো চাঁদপুরের মতলব উত্তরের কিশোর রাতুল দেবনাথ (১৩)।
রাতুল ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। সে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর রাতুল নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এরই মধ্যে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাতুল তার ফেসবুক পেজে ‘Miss you Ma’ লিখে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাটি এলাকায়ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির পরপরই চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল কাজ শুরু করে।
এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের দলটি বিভিন্ন তথ্য বিশ্লেষণ, গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করে।
পরে বান্দরবান সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকার ১২ মাইলে অভিযান চালিয়ে রাতুলকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
অল্প সময়ের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিখোঁজ কিশোরের অবস্থান শনাক্ত করে উদ্ধার করায় স্বস্তি ফিরেছে রাতুলের পরিবারে।