ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৬:০০:৩৯
রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাগেরহাটের রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলা ভূমি অফিস রামপালের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেসক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ এবং মো. সোহানুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা প্রদানে উদ্বুদ্ধ করতেই এ মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে নাগরিকদের ধারণা দেওয়া হয়। এছাড়া ১৬১২২ সহায়তা নম্বর, ভূমি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের মাধ্যমে কীভাবে ঘরে বসে সেবা পাওয়া যায়, তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।