জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৬:০৪:৪৬
বিয়ে বাড়িতে হামলায় কলেজছাত্র নিহত
নিহত ফয়সাল নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের অনুষ্ঠান চলছিল। সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলার আয়োজন ছিল।
এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে নাচ-গান শুরু করেন। এতে ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর মাসুম পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার স্বজনদের ওপর হামলা চালান। হামলায় ফয়সাল, তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় ফয়সাল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।