গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১৫:১৮
গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, একজন আহত
বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতরা হলেন—ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।
একই ঘটনায় আহত গোপাল সরকার (৪০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই ভিমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনীতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।