নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৪:২৯:১৭
নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় দুইটি নতুন একাডেমিক ভবনের অনুমোদন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করার লক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার দুটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EDD) ময়মনসিংহ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের আওতায় নান্দাইল উপজেলার ‘দেওয়ানগঞ্জ ইসলামী উচ্চ বিদ্যালয়’ এবং ‘মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়’-কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য ১৫৫.০০ লাখ (১ কোটি ৫৫ লাখ) টাকা করে মোট ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই ইয়াসের খান চৌধুরী নান্দাইলের স্কুল-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বিশেষ নজর দিয়ে আসছেন। গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদিত তালিকা প্রকাশ করা হয়। আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সরেজমিনে জরিপপূর্বক আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল এবং ১৫ আগস্টের মধ্যে সয়েল টেস্ট সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরপরই দ্রুততম সময়ের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে। বিষয়টি ময়মনসিংহ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া নিশ্চিত করে জানান, ইতোমধ্যে উক্ত দুটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের জন্য বরাদ্দ পেয়েছে। তাছাড়া শীঘ্রই আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ প্রদান করা হবে। নান্দাইলবাসী এমন একজন সংসদ সদস্য পেয়ে গর্বিত। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নান্দাইলবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় শিক্ষা অনুরাগী ও অভিভাবকরা জানান, প্রতিমন্ত্রী মহোদয় নান্দাইলের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। দুই বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন অনুমোদন দেওয়ায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।