ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ০১:২১:৩২
ঈশ্বরদীতে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় শাহীন হোসেন (২৪) নামে এক নসিমন (শ্যালোইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজশাহী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাওতা এলাকার সুজন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে পাবনাগামী 'উৎসব' পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। দাশুড়িয়া শেখপাড়া এলাকায় পৌঁছালে বাসটি একটি নসিমনকে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং চালক শাহীন হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার পর ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।"
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।