জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:১৩
জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে দুই প্রতারক গ্রেফতার
জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার কাফি আল সাকিব সিয়ামকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ২৫ লাখ টাকা দাবি করে।
চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধের শর্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক এবং তিনটি স্বাক্ষরিত ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়া হয়। পাশাপাশি চাকরি দেওয়ার নামে একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী পরিবার জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির এবং পাবনা জেলার আতাইকুলা এলাকার রকিবুল ইসলাম রকিব।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশের কর্মকর্তারা বলেন, সরকারি চাকরি নিয়োগে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।