মেহেদী হাসান (অন্তর), নওগাঁ জেলা প্রতিনিধিঃ
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ সকাল ১১:৩৮:৪১
নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক
নওগাঁর ধামইরহাট উপজেলার ময়শর গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মজিবুর রহমানকে (৩৮) দ্রুত অভিযানে চালিয়ে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার বড় আব্বু (চাচা) মোখলেছুর রহমানের ছেলে মজিবুর রহমান তাকে খাবার জিনিসের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণ করে মজিবুর পালিয়ে যায়।
পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসলে তার মা ও ফুফু বিষয়টি বুঝতে পারেন। তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো: মোখলেছুর রহমান বলেন, ঘটনার পরপরই থানা পুলিশের একটি টিম এলাকায় অভিযানে নামে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মজিবুর রহমানকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।