বাবুল আক্তার, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:২৩:২৩
ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. সাব্বির রহমান, ডা. আসাদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মুরাদ, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গ্রামাঞ্চলে এখনও অনেক মা ও শিশু চিকিৎসকের পরামর্শ না নিয়ে হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে মাসে অন্তত একবার করে উঠান বৈঠকের আয়োজন করে মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।
বক্তারা আরও বলেন, শিশুদের অপুষ্টি দূর করতে স্কুল ও মাদ্রাসায় স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও প্রচার বাড়ানো হবে। পাশাপাশি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সুফল সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হবে।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি উন্নয়ন এবং সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। আগামী ২৮ জুন উপজেলার সব টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।”
সভায় ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।