গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১২:২৭:০৮
লিচু বাগানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে
নাটোরের গুরুদাসপুর উপজেলায় লিচু বাগানে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জয়গন বেগম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমজান আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি লিচু বাগানে পানি দিতে যান। এ সময় তিনি ঘর থেকে তার টেনে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সমজান আলীর মৃত্যু হয়। তার স্ত্রী জয়গন বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, “আহত জয়গন বেগম এখন আশঙ্কামুক্ত রয়েছেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।