কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৬ রাত ০৯:৩৫:১২
রাজপথ অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবে না: নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে এমপি খোকন তালুকদার
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, রাজপথ অস্থিতিশীল করে নতুন করে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে কোনো লাভ হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আপনারা আর সফল হতে পারবেন না। সেই সুযোগ আপনাদের নেই। দেশের জনগণ আপনাদের আর গ্রহণ করবে না।”
শুক্রবার (২৬ জুন) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী নয়াকান্দী এলাকায় খাল খনন শেষে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এমপি খোকন তালুকদার বলেন, “খাল খননের পর দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁশগাড়ী এলাকায় প্রায় দুই হাজার গাছ লাগানোর নির্দেশনা রয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গাছ রোপণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইনশাআল্লাহ, মাদারীপুর-৩ আসনে আমরা তাঁর নির্দেশনা বাস্তবায়ন করব। পাশাপাশি ব্যক্তিগত ও দলীয় উদ্যোগেও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।