ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ রাত ০৭:৩৪:৩৯
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। তিনি বলেন, এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাটের মোংলায় ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রশাসনকে আকস্মিক বাজার পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যদি বিষ দিয়ে আহরিত মাছ বিক্রি হতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করে তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে অপরাধের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “এ বছরই প্রথম সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আমরা নির্দেশনা দিয়েছি, যে এলাকায় আগুন লাগবে, সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সংলাপে অংশ নেন।
আয়োজকরা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার কতটা বাস্তবায়িত হয়েছে তা জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে ‘পিপলস ম্যান্ডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ উদ্যোগের অংশ হিসেবে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।