মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ রাত ০৮:০৩:৩১
কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবা সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য (ইয়াবা) সেবনের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী মধ্যপাড়া এলাকার ফিরোজ মোল্লার ছেলে মো. ওমর মোল্লা (৩০)-কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা খোরশেদ আলম এবং কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালোর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।