মো: আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩ মে ২০২৬ বিকাল ০৫:৩৫:৩৫
নবীনগরে অটোরিকশা চালকের ওপর সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক অটোরিকশা চালক। রোববার (৩ মে) সকাল ১১টার দিকে জমিদার বাড়ির মাঠসংলগ্ন এলাকায় এ হামলা হয়। আহত ব্যক্তির নাম হৃদয় মিয়া, যিনি নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজয়পাড়ার রহিছ মিয়ার ছেলে।
ভুক্তভোগীর বড় ভাই নূরে আলম জানান, “আমার ছোট ভাই প্রতিদিনের মতো আজও অটোরিকশা চালিয়ে নবীনগর সদর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কলেজপাড়ার সন্ত্রাসী বাবু ও তার সহযোগীরা হৃদয়কে অটোতে চালের বস্তা রাখার কথা বলে জমিদার বাড়ির রাস্তায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।”
স্থানীয়রা আহত হৃদয় মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও, পুলিশ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশা প্রকাশ করেছে।