দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ রাত ১১:৩৯:১৪
শিক্ষার মানোন্নয়নে বিএনপির ভূমিকার কথা তুলে ধরলেন ড. মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, নকলমুক্ত পাবলিক পরীক্ষা আয়োজন ও শিক্ষার মানোন্নয়ন বিএনপি সরকারের অন্যতম অর্জন।
শনিবার (২৭ জুন) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মারুফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানে সিট দখল, রাহাজানি বা নৈরাজ্য থাকে না। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শতভাগ নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও বিএনপি সরকার শিক্ষার মানোন্নয়ন এবং নকলমুক্ত পাবলিক পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পাশের হার বাড়ানোর দিকে গুরুত্ব দিলেও শিক্ষার প্রকৃত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ ও উচ্চশিক্ষায় বিশেষ সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন।
দাউদকান্দির উন্নয়ন প্রসঙ্গে ড. মারুফ বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিভিন্ন মেয়াদে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত ড. মোশাররফ ফাউন্ডেশনের মাধ্যমে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে ড. মারুফ হোসেন মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফল অর্জন, সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।