ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬ দুপুর ১২:৩৮:০৯
বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
❝একটি হলেও বৃক্ষরোপন
করবো জনে জনে-
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে❞
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫জুন) বেলা ১১ টায় বাগেরহাট জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সরকারি পিসি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী শাখার সভাপতি রাকিব হাসান , বাগেরহাট জেলা সভাপতি মোরশেদ আলম ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সঙ্কট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনে করে, একজন সচেতন শিক্ষার্থী কেবল জ্ঞানচর্চায় নয়; সমাজ ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।
তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি, প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করবেন। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।’
‘একজন মানুষ, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’— এই প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।