নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৫:৩৯
সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
মৃত মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮) সরাইল উপজেলার পানিশ্বর
ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। তিনি সরাইলের হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার
ছেলে। আজ অনুষ্ঠিত নির্বাচনে তিনি সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে পোলিং অফিসার
হিসেবে দায়িত্বরত ছিলেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক
শ্যামল রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালেই
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।”
এই আকস্মিক ঘটনায় কেন্দ্রের অন্যান্য ভোটকর্মী ও ভোটারদের
মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মুজাহিদুল
ইসলামের অকাল প্রয়াণে সাময়িকভাবে বিঘ্ন ঘটলেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ভোটগ্রহণ প্রক্রিয়া
অব্যাহত রাখা হয়েছে। সরাইল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং মরদেহের প্রয়োজনীয় প্রক্রিয়া
সম্পন্ন করছে।