শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:০৪
মতলব উত্তরে ২৯ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার (২৮ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র) মো. রবিউল হোসেন ও এএসআই মো. আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাঈম (২৮), যার কাছ থেকে ১৬ পিস ইয়াবা; মো. রিপন সরদার (৪৫), যার কাছ থেকে ৪ পিস ইয়াবা; মো. ইব্রাহিম খলিল (৪২), যার কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং মো. দুলাল হোসেন (৩২), যার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ২৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে।