নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০০:২৯
ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন নিহত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগলে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন মারা গেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ওই হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম ঢাকা মেইলকে এ খবর নিশ্চিত করেন। তবে, তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।
বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, হাসপাতালের এই লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট, ময়লা ও আবর্জনায় ভরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ মোট চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়ে আট তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এ সময় আগুন লাগার খবরে আট তলা এই নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালে কর্মরতরা হুড়োহুড়ি করে রাস্তায় নামে আসেন।