মনোয়ার হোসেন মারুফ, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৬ জুন ২০২৬ বিকাল ০৫:৫০:৫১
ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে থাকা চালক ও হেলপার আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
গুরুতর আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন— মো. সজিব হোসেন (২৮), ট্রাকচালক, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার শহিদুল ইসলামের ছেলে। মো. সিয়াম (১৮), হেলপার, বামনপাড়া এলাকার বিল্লালের ছেলে। মো. সুলতান (৪০), ট্রাকচালক, দৌলতপুর উপজেলার মাদিয়া এলাকার আবু বক্করের ছেলে।
দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটির রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া-ট-১১-০৯৫৮ এবং কুষ্টিয়া-ট-১১-২৭৮৩।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক দুটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট শেখ সাদী জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।