বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ০৬:০৪:৪৪
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ১০০ বোতল ইস্কাফসহ ২ নারী আটক
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ইস্কাফসহ দুই নারীকে আটক করেছে র্যাব-১২।
আটকরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা মোছা. রুবিনা বেগম (৫১) ও মোছা. শিল্পী (৩৫)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঠনঠনিয়া ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে দুই নারী মাদক বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক বহন করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।