ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ০৯:৩৩:০৬
ভৈরবে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত চালক
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যান চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর রেলক্রসিং সংলগ্ন ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক জাবেদ মিয়াসহ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় জাবেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, আহত জাবেদ মিয়া সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হামিদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।