নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ সকাল ১১:২৩:২১
টানা ভারি বৃষ্টিতে মহাসড়কে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল, স্থানীয় এমপির পরিদর্শন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টানা ৪-৫ দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে ঢাকা-সিলেটের পুরাতন মহাসড়কের রামগঙ্গা এলাকার একটি অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উপজেলার চন্ডিছড়া-রামগঙ্গা এলাকায় সড়কের এ অবস্থা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। যে কোনো সময় সড়কের বড় অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে পাশের চা বাগান সংলগ্ন এলাকায় প্রথমে মাটি ক্ষয় হতে থাকে। পরবর্তীতে পানির চাপ সরাসরি মহাসড়কের ওপর পড়ায় সড়কের একটি অংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ইতোমধ্যে সড়কের কিনারা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকাল আনুমানিক ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। পরিদর্শনকালে তিনি হাইওয়ে সড়ক বিভাগের প্রকৌশলী কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করতে হবে।
পরিদর্শনের সময় চ্যানেল এস কে এমপি ফয়সল বলেন,সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ সড়কের বিষয়ে আগে থেকেই সতর্ক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে তিনি সন্তুষ্ট নন উল্লেখ করে প্রয়োজনীয় জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানান।
এ সময় তিনি তাৎক্ষণিকভাবে দ্রুত সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, দ্রুত ব্যবস্থা না নিলে মহাসড়কের বড় অংশ ধসে গিয়ে ঢাকা-সিলেট রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হতে পারে। এতে যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হবে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ দ্রুত সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, সামান্য বিলম্বও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।