মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২৬ মে ২০২৬ রাত ০৯:২৪:৫৬
মৌলভীবাজারে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এম নাসের রহমান
মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টায় মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিএনপি একটি জনবান্ধব দল। আমরা সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার পর্যায়ক্রমে তাদের সবাইকে সহযোগিতা করবে।”
ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ঈদের পর সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হেলু মিয়া, মোঃ ফখরুল ইসলাম, মোঃ আয়াছ আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংসদ সদস্য এম নাসের রহমান।