নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৪৯
নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতা জামিলুর রহমান জামিলের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ১৯ জুলাই রাতে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তেবাড়িয়া বাজারে এসে মিছিলটি শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারা।
প্রতিবাদ সমাবেশ সলিমাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা ১৯ জুলাই রাতে সলিমাবাদ ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাছি।
এ সময় আরও বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপি'র সদস্য নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো.শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূইয়া, মো.সুমন সিকদার প্রমুখ।
সমাবেশ আরও উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মো.রুপক খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল শেখসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম জানান, নাগরপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দোষিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।