মো: আরিফ হোসেন চৌধুরী
প্রকাশ : ১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:১৭
বিশেষ কৌশলে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, ভারতীয় যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সিআইআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-526-এ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে।
পরে তার দেহ তল্লাশি চালিয়ে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর ওজন ৪৫৫ গ্রাম পাওয়া গেছে। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসেবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
সিআইআইডি জানিয়েছে, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।