কালিয়া উপজেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ৩০ জুন ২০২৬ দুপুর ০২:৫৮:০৪
নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে হারিয়ে যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করেছে। ৩০ জুন বেলা সাড়ে ১১ টায় উদ্ধারকৃত স্মার্ট ফোন ও টাকা ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করা হয়।
মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।