শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
অজিত কুমার দাশ, ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ সকাল ১১:৩৬:০৭
ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের মানবিক উদ্যোগ
মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সুনামগঞ্জের ছাতকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টটির উদ্যোগে চুনারুচর এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। রমজানকে সামনে রেখে এলাকার হতদরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ও ছাতক বাজারের ডিরেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিনের আর্থিক সহযোগিতায় এ খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তাঁর সহায়তায় এলাকার অনেক অসহায় পরিবারের ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মোঃ ফখর উদ্দিন, যুবদল নেতা মোঃ মনির উদ্দিন, আবু শাহাদাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম, মাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মরহুম হাজী ইরফান আলীর পরিবারের পক্ষ থেকে মরহুম হাজী ইরফান আলীসহ সকল কবরবাসীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়। পাশাপাশি তারা জানান, মানবিক মূল্যবোধ থেকে অসহায় মানুষের পাশে থাকার এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।