ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ রাত ০৮:৪৬:০৯
ভালুকায় ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৯
শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ও বাটাজোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মনির হোসেন (২৯), মো. মেহেদী হাসান দুলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) এবং সাইফুল (৪০)।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং তারা ভালুকা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।