হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৭:৪৩
জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন আলমগীর।
আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, বিএনপি নেতা নূরে আলম ফরায়জী, সুশীলন উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিন, যুবদল আহবায়ক মোজাম্মেল হক স্বপন এবং সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব, খাদ্য নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন পুষ্টি উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। পুষ্টি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান, বিশেষ করে নারী ও শিশুর পুষ্টি উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন আলমগীর বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহ আমাদের পুষ্টি সচেতনতা বাড়াতে এবং সমাজে পুষ্টির বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের অংশগ্রহণে আমরা একটি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর সমাজ গড়ে তুলতে পারব।”
এ অনুষ্ঠানের মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে পুষ্টি সম্পর্কিত বিভিন্ন সেবা ও সহায়তা প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।