কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ দুপুর ১২:২৩:০৩
গাজীপুরে পৃথকস্থানে ৪ যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে পানিতে ডুবে দুই যুবক এবং জয়দেবপুর জংশন সংলগ্ন ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাতে পৃথক দুটি ঘটনায় ওই যুবকদের মৃত্যু ঘটে।
গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, বুধবার রাতে তুরাগ নদীতে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলেন তুরাগ থানার ইদ্রিস মিয়ার ছেলে ইমরান হোসেন (১৬) এবং একই এলাকার রানা মিয়ার ছেলে নোমান(১৬)।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
একই রাতে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আরও দুই যুবকের মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের দাবি, তারা টিকটক ভিডিও করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম জানান, নিহতদের একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৩৫ বছর।
তিনি বলেন, রাতের অন্ধকারে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
টিকটক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।”