মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৫:১৫
সংবাদ প্রকাশের তিন দিনের মাথায় সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ, স্বস্তি ৩০০ পরিবারের
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া বাজারসংলগ্ন বিআরটিসি ভবনের পাশের নাসির সড়কে দীর্ঘ তিন বছর ধরে চলমান জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে উপজেলা বিএনপি, বর্নি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ ও সংবাদ প্রকাশের তিন দিনের মাথায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় সোমবার (২০ জুলাই) দিনব্যাপী পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি ফিরে পেয়েছে প্রায় ৩০০টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসি ভবনের পাশের নাসির সড়কে আগে একটি কালভার্ট ছিল। প্রায় তিন বছর আগে সড়ক প্রশস্তকরণের সময় পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেলে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপর থেকে প্রতি বর্ষা মৌসুমেই বৃষ্টির পানি জমে এলাকার শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে পানি আটকে থাকায় ঘর থেকে বের হওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছিল না, গবাদিপশু পালনেও নানা ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। বর্ষা এলেই প্রায় ৩০০টি পরিবারের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ত।
সংবাদ প্রকাশের পর উপজেলা বিএনপি, বর্নি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নেতাকর্মীরা নিজস্ব তত্ত্বাবধানে পানি চলাচলের পথ উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের কাজ সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মুক্তার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুর ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ওলিউর রহমান খান, পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সহ-সভাপতি মাসরাফি ইসলাম, বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখ, যুবদল নেতা শামিম আহমেদ টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পানি নিষ্কাশনের কাজ শেষ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ তিন বছর ধরে তারা সীমাহীন দুর্ভোগে ছিলেন। সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগ নিয়ে বিএনপির নেতাকর্মীরা পাশে দাঁড়ানোয় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তাদের মতে, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।
স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা একইভাবে কার্যকর ভূমিকা পালন করবেন।