মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১২:২৩:২৭
শ্রীমঙ্গলে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৩ লাখ ৪৫ হাজার টাকার সহায়তার চেক প্রদান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৩ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগী ও তাদের স্বজনদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক পপি রানী দে।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা খাতে ৭ জন, চিকিৎসা খাতে ১০ জন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ২ জন এবং মৃত শ্রমিকদের ৫ জন স্বজনসহ মোট ২৪ জনের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে অসহায় শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে।