নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৮:১৬
আসামিকে ধরতে গিয়ে ‘হৃদরোগে’ পুলিশ কর্মকর্তার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শহীদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. তানজিনা বলেন, এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে হঠাৎ বুকের ব্যাথায় কাতর হয়েছিল এএসআই শহীদ, এতে কিছুটা ধারণা করা যায় যে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও আরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে চালান। এসময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে এএসআই শহীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা এএসআই শহীদকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি- হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।