ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ রাত ০৮:২২:১২
ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষ, দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত; থানায় মামলা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে গত ৪ জুন বিকেলে ভৈরব স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধরের অভিযোগ ওঠে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় পক্ষের শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও রেললাইনের পাথর নিয়ে দফায় দফায় সংঘর্ষে অংশ নেয়। এতে পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ভৈরব থানা পুলিশ, শহর ফাঁড়ি পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, “সংঘর্ষকারীরা রেলওয়ে স্টেশন এলাকা দখল করে তাণ্ডব চালায়। এ সময় রেলওয়ে স্টেশন ও থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি স্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, সংঘর্ষের সময় দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে, ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ মিয়া বলেন, “সংঘর্ষের ঘটনায় স্টেশনের ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।”
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।