আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৫:৫৬
কোটি টাকার স্টেডিয়ামে নেই খেলার উত্তাপ, ঝরে পড়ছে সম্ভাবনাময় ক্রিকেটাররা
স্টেডিয়ামটিতে রয়েছে সবুজ ঘাসের মাঠ, আধুনিক গ্যালারি, মিডিয়া সেন্টারসহ প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজনের উপযোগী বিভিন্ন সুযোগ-সুবিধা। কিন্তু বছরের অধিকাংশ সময়ই মাঠটি থাকে প্রায় ফাঁকা। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত খেলা না হওয়ায় মাঠে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটির পিচ ও অন্যান্য অবকাঠামো।
জানা যায়, ২০০৬ সালে উদ্বোধনের পর একবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করা হলেও এরপর বড় পরিসরে নিয়মিত কোনো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে মাঝে মধ্যে অনুশীলন ও ছোটখাটো কিছু ম্যাচ হলেও তা মাঠকে সচল রাখার জন্য যথেষ্ট নয়।
স্থানীয় ক্রিকেটারদের অভিযোগ, প্রতিযোগিতামূলক ম্যাচের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় আগ্রহ হারিয়ে ফেলছেন। সুযোগের সংকটে অনেকে ক্রিকেট ছেড়ে অন্য পেশা কিংবা শিক্ষার দিকে মনোযোগ দিচ্ছেন।
অনুশীলনে আসা কয়েকজন তরুণ ক্রিকেটার বলেন, “ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও নিয়মিত খেলার সুযোগ নেই। ঢাকার মতো লিগ বা প্রতিযোগিতা না হওয়ায় আমরা পিছিয়ে পড়ছি। নিজেদের দক্ষতা প্রমাণের জন্য প্রয়োজন পর্যাপ্ত ম্যাচ ও প্রতিযোগিতার পরিবেশ।”
সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. মুখলেস উদ্দীন বলেন, “এত সুন্দর একটি স্টেডিয়াম থাকার পরও নিয়মিত খেলা না হলে নতুন প্রজন্ম ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবে। জেলা লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং আন্তঃজেলা প্রতিযোগিতা আয়োজন করা গেলে এখান থেকেই জাতীয় পর্যায়ের ক্রিকেটার উঠে আসতে পারে।”
জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার বলেন, “কিশোরগঞ্জে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও প্রত্যাশা, স্টেডিয়ামটিকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকদের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্টেডিয়ামকে শুধু সীমিত অনুশীলন কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ক্রিকেট আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।
তাদের আশা, আবারও মাঠে ফিরবে দর্শকদের কোলাহল ও খেলার উত্তাপ। আর সেই পরিবেশ সৃষ্টি হলে কিশোরগঞ্জ থেকেই উঠে আসবে ভবিষ্যতের জাতীয় দলের তারকা ক্রিকেটার।