ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ০৮:০৪:৫০
ভৈরবে চাঞ্চল্যকর শিশুহত্যা—অভিযুক্ত বাবা আটক
এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বাবার হাতে ৭ মাসের শিশু হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা এলাকায় সংঘটিত হয়।
তিনি জানান, ঘটনার পর ২৪ এপ্রিল ভৈরব থানায় শিশুটির মা তার স্বামী মেরাজ মিয়াকে প্রধান আসামি করে শাশুড়ি, ননদ ও দুই ভাশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, ১ মে দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে মানিকদী এলাকা থেকে মেরাজ মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি এ নৃশংস ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।