শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:১০:৫১
হামলা, হুমকি ও হয়রানির অভিযোগে মতলব উত্তরে সংবাদ সম্মেলন
রোববার (২৬ এপ্রিল) বিকেলে ছেংগারচর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন।
আহাম্মদ উল্লাহ অভিযোগ করেন, আদুরভিটি গ্রামের আব্দুল মান্নান লস্করের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে তার বিরোধ চলে আসছে। এর জেরে তিনি একাধিকবার হামলা, চাঁদা দাবি ও হুমকির শিকার হয়েছেন।
তিনি জানান, পূর্বে তার ওপর দুই দফা হামলার ঘটনা ঘটে। পরে তিনি মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে তা প্রত্যাহারের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “মান্নান লস্কর ও তার আত্মীয়দের ভয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাস্তা-ঘাটে ওঁৎ পেতে থেকে আমাদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, সম্প্রতি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘাসের জমিতে আগাছানাশক ছিটিয়ে ক্ষতি সাধন ও কলাগাছ কর্তনের ঘটনা ঘটলেও সেটির দায় তার ও তার পরিবারের ওপর চাপিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আহাম্মদ উল্লাহ আরও দাবি করেন, মান্নান লস্কর ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বাকিতে মালামাল নেওয়া এবং টাকা চাইলে হুমকি-ধামকি দিয়ে থাকেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি জেলও খেটেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অভিযোগের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ তার কোনো বৈধ ব্যবসা-বাণিজ্য বা আয়ের উৎস না থাকলেও বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন—বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে আহাম্মদ উল্লাহ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান লস্কর বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, আহাম্মদ উল্লাহ তাকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন এবং জেলও খাটিয়েছেন।
তিনি আরও বলেন, “কিছুদিন আগে আমার জমির লাগানো কলাগাছ কেটে ফেলা হয়েছে এবং ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ক্ষতি করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনের দ্বারস্থ হয়েছি। আশা করছি, ন্যায়বিচার পাব।”